নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ : অশান্ত সময়ে শিল্পের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হলো এক বিশেষ আর্ট প্রদর্শনী—‘Devi on Canvas’। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব-এর উদ্যোগে ২৭, ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিত এই তিনদিনব্যাপী প্রদর্শনী ইতিমধ্যেই শিল্পপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২৭ মার্চ উদ্বোধন হয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন মোট ৭৬ জন শিল্পী। চিত্রকলা, ভাস্কর্য ও ফটোগ্রাফির মাধ্যমে শিল্পীরা তাঁদের নিজস্ব ভাবনা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রতিটি শিল্পকর্মে দেবী শক্তি, মানবতা ও আধ্যাত্মিকতার গভীর প্রকাশ ফুটে ওঠে, যা দর্শকদের মুগ্ধ করে।
এই উদ্যোগের ভাবনা ও বাস্তবায়নের পিছনে রয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট সুরথ চক্রবর্তী এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায় চৌধুরী। উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে তাঁদের উদ্যোগে একক মডেলকে কেন্দ্র করে একশোরও বেশি নান্দনিক আর্টওয়ার্ক নিয়ে অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যা শিল্পজগতে বিশেষ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতারই নতুন রূপ এবারের ‘Devi on Canvas’।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল কুমোরটুলির ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান। তাঁদের হাত ধরেই মাতৃশক্তির আরাধনার এই শিল্পরূপ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে—এই উপলব্ধিকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল বিশেষ তাৎপর্য। বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের এক শক্তিশালী বার্তা তুলে ধরা হয় সমাজের সামনে।
এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা—বিশপ ড. শ্রীকান্ত দাস, মাহেশ জগন্নাথ মন্দিরের সেক্রেটারি পিয়াল অধিকারী, ভিক্ষু বিশ্বজিৎ, এমডি এহতেশামুল হক সিদ্দিকুই প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের পরিচালক ও অভিনেতা অনিন্দ্য সরকারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, অধ্যাপক ও সমাজের গণ্যমান্যরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
প্রদর্শনী প্রাঙ্গণে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এই বিপুল জনসমাগম প্রদর্শনীর জনপ্রিয়তা ও সাফল্যের এক স্পষ্ট প্রমাণ।
স্বনামধন্য সিনিয়র শিল্পীদের পাশাপাশি জুনিয়র শিল্পীদের কাজও ছিল বিশেষভাবে প্রশংসিত। তাঁদের নতুন চিন্তাভাবনা ও সৃজনশীলতা দর্শকদের মন জয় করেছে।
ক্লাবের প্রেসিডেন্ট সুরথ চক্রবর্তী বলেন, “২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা নতুন ধারার চিন্তাভাবনা নিয়ে কাজ করছি। এই সাফল্যে সকল শিল্পীদের প্রতি আমরা গর্বিত। বর্তমান অস্থির সময়ে আমাদের এই শান্তির বার্তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি।”
ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায় চৌধুরী জানান, “ বাস্তবধর্মী আর্ট যখন ক্রমশ হারিয়ে যাচ্ছে, তখন আমরা সেই ধারাকে নতুন করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। এবারের থিম ‘দেবী শক্তি’—ক্যানভাসে দেবীর আরাধনার মাধ্যমে শুভ শক্তির উন্মেষ ঘটানোই আমাদের লক্ষ্য।”এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া। শিল্পের মাধ্যমে বর্তমান সময়ের অস্থিরতা ও সংঘাতকে তুলে ধরে তার সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছেন শিল্পীরা।
তিনদিনের এই প্রদর্শনী ঘিরে ছিল দর্শকদের উৎসাহ ও উচ্ছ্বাস। বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমান প্রদর্শনীতে এবং শিল্পীদের সৃজনশীলতাকে সাধুবাদ জানান। প্রদর্শনী শেষ হলেও দর্শকদের মনে রয়ে গেছে একটাই প্রশ্ন—আবার কবে ফিরে আসবে ‘Devi on Canvas’-এর মতো এমন অনন্য অভিজ্ঞতা।




