নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ: প্রাচীন ভারতীয় মার্শাল আর্টের প্রসার ও সংরক্ষণ উদ্যোগের অংশ হিসেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এবং ইন্ডিয়ান কালারিপয়াট্টু ফেডারেশনের যৌথ উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হল খেলো ইন্ডিয়া কালারিপয়াট্টু ন্যাশনাল লিগ (অনূর্ধ্ব-১৮)। এই প্রতিযোগিতায় দেশের ১৬টি রাজ্য থেকে মোট ১২৪ জন জুনিয়র ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন এবং আটটি প্রধান ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এসএআই এলএনসিপিই-এর প্রিন্সিপাল ড. প্রদীপ দত্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএআই আরসি-এর রিজিওনাল হেড ড. সরথ চন্দ্র যাদব। মূল বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর মিস বর্ষা সাবালে। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মি. সেলভামণি, কেরালার স্পোর্টস অ্যাসোসিয়েশন ফর দ্য ডিফারেন্টলি অ্যাবলড-এর সাধারণ সম্পাদক মি. পি. শশিধরন নায়ার, ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অল্টারনেট ইকোনমিক্স-এর ডিরেক্টর ড. সিদ্ধিক, এবং কেরালা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শ্যাম এস.কে.।
অনুষ্ঠানের সূচনা হয় ইন্ডিয়ান কালারিপয়াট্টু ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ড. অম্বু আর. নায়ারের স্বাগত ভাষণের মাধ্যমে এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মি. পি. ই. শ্রীজয়ন।
এই প্রতিযোগিতায় বাংলার জন্য গর্বের মুহূর্ত এনে দেন মিস নিত্যা এম.পি., যিনি তৃতীয় স্থান অধিকার করেন। বাংলার দলে ছিলেন মিস অনন্তা মিশ্র, মিস উশশী চৌধুরী, মিস নিত্যা এম.পি. এবং মি. সৌমোজিত দাস। কালারিপয়াট্টু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সম্মানীয় সাধারণ সম্পাদক গুরু পরাশ কুমার মিশ্রের দিকনির্দেশনায় এবং গুরু রঞ্জন মুল্লারাট্টুর কারিগরি সহায়তায় দলটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মিস কবিতা প্রজাপতি।
বাংলা দলের প্রাণবন্ত ও দৃঢ় পারফরম্যান্স আগামী জাতীয় চ্যাম্পিয়নশিপ ও খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় আরও সাফল্যের প্রত্যাশা জাগিয়েছে।




