নিজস্ব প্রতিনিধি(রজত রায়)দিনহাটার বুড়িরহাটে গণ্ডগোলের ঘটনায় দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় সহ ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে ওই সমস্ত বিজেপি নেতা-কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন ও তাঁদের মনোবল বাড়ান।
শনিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় যাওয়ার সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটার বুড়িরহাট এলাকা। চলে গুলি, বোমাবাজি। মন্ত্রীর গাড়িতে হামলাও হয় বলে অভিযোগ। মন্ত্রীর দাবি, তাঁর গাড়িতেও গুলি লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পালটা লাঠিচার্জ ও পরে কাদানে গ্যাসের শেল ফাটাতে হয়। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর মন্ত্রী অভিযোগ করেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। পালটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দাবি, বিজেপি গুন্ডা, মাস্তান নিয়ে এসব করেছে।সেদিনের ঘটনায় দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় সহ ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, অজয় রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ। অজয় ছাড়াও এই তালিকায় নাম রয়েছে বিজেপির কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, জেলা সম্পাদক বিরাজ বোস, দীপা চক্রবর্তী সহ আরও অনেকের। পাশাপাশি দিনকয়েক আগে অডিও ভাইরাল কাণ্ডে ধৃত তপন বর্মন ওরফে হিন্দু ডনের নামও রয়েছে ওই তালিকায়। ইতিমধ্যে গণ্ডগোলের ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অজয় রায় বলেন, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ওপর হামলা চালাল। আর আমাদের নামে পুলিশ মামলা করল। পুলিশ দলদাসে পরিণত হয়েছে।’ এদিন রাতে ওই বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে যান নিশীথ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মনোবল বাড়ান।




