নিজস্ব প্রতিনিধি(রজত রায়): গরু পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাই নিয়ে তদন্তও চলছে। এই পরিস্থিতিতে এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। জানা গিয়েছে, বি টি রোড দিয়ে যাবার সময় উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি গাড়িকে আটক করেন ট্রাফিক পুলিশ। আর সেই গাড়িতে দেখা যায় হাত-পা বাঁধা অবস্থায় একটি গরু এবং একটি তৃণমূলের পতাকা। সূত্রের খবর, সোদপুর দিয়ে যাওয়ার সময় ট্রাফিক মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক আধিকারিক গাড়িটিকে বাধা দিতে যান। কিন্তু সেই সময় গাড়িটি পালানোর চেষ্টা করলে দুর্ঘটনার কবলে পড়ে। ওই অবস্থাতেই গাড়ির চালকসহ অন্য এক ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু গাড়িটিকে পুলিশ আটক করে এবং গরু উদ্ধার করে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িতে তৃণমূলের পতাকা মেলায় সরব হয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে ঘটনার সঙ্গে তৃণমূলের জড়িয়ে থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে খড়দহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী জানিয়েছেন, “ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু গাড়ির সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। তৃণমূলের কেউ এ রকম কাজ করতে পারেন না”। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে।




