নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): ৫ নভেম্বর কিং কোহলির জন্মদিন। আর ৩৫-এ পা রেখেই ক্রিকেটের নন্দনকানন ইডেনের ময়দানে জীবনের ৪৯তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। প্রিয় ‘চিকু’কে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন স্ত্রী অনুষ্কা শর্মাও।
জন্মদিনের সেরা উপহারটা মাঠে নেমে নিজেই নিজেকে দিলেন বিরাট। শতরান করলেন ১১৯ বলে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁলেন সচিন তেন্ডুলকরের নজির। এমন বেনজির ইনিংসের পর সাধারণত সবার প্রথমে গ্যালারির দিকে নজর যায় বিরাটের। তবে আজ তা হয়নি। কানায় কানায় ভর্তি ইডেনের গ্যালারিতে আজ নেই অনুষ্কা। তবে শতরানের পরে বিরাটকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতাই তার প্রমাণ। সেখানেই এল শুভেচ্ছাবার্তা। বিরাটের শতরান করার মুহূর্তের ছবি দিয়ে অনুষ্কা লিখলেন, ‘‘নিজের জন্মদিনে নিজেকে নিজের উপহার!’’ সঙ্গে তিনি লাল একটি হৃদয় যোগ করে দিয়েছেন।
কোহলি যে সেঞ্চুরি হাঁকাবেন তা নিয়ে ভক্তরা একপ্রকার নিশ্চিন্তই ছিলেন। একে তাঁর জন্মদিন, অন্যদিকে ইডেনের ময়দান। এত ভালোবাসা কি ফেরাতে পারেন তিনি! অবশেষে ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন তিনি।
প্রসঙ্গত, ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি। জন্মদিনে ঘরনি অনুষ্কা স্পেশ্যাল কিছু তো করবেন! সেই ঝলক চোখে পড়ল অভিনেত্রীর ইনস্টাগ্রামে। স্বামীর জন্মদিনে তিনটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। যার প্রথমেই বিরাটের একটি বিরল রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে। কী সেই রেকর্ড? বিরাট একমাত্র ক্রিকেটার যিনি টি-২০ ক্রিকেটে কোনও বল না করেই উইকেট নিয়েছিলেন। ২০১১ সালে ঘটেছিল এই ঘটনা। তাঁর প্রথম বল ওয়াইড হয়েছিল। কিন্তু সেই বলেই কেভিন পিটারসনকে স্টাম্প আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
বাকি দুই ছবির একটিতে রসিকতা করে বিরাটের অদ্ভুত মুখের ছবি দিয়েছেন অভিনেত্রী। শেষের ছবিতে রয়েছে প্রেমের মুহূর্ত। ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, “ও সত্যিই জীবনের প্রত্যেকটা ভূমিকায় আলাদা! কিন্তু কোনও না কোনও ভাবে নিজের গর্বের মুকুটে নতুন পালক যোগ করে যেতে থাকে। এই জীবন আর তার পর, শেষের পরেও তোমাকেই ভালোবাসি। প্রত্যেক মুহূর্তে, সমস্ত কিছু দিয়ে।”




