নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,বেলেঘাটা : ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নতুন করে আইনি জটিলতা তৈরি হল। এই মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তৃণমূলের বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। কোলকাতা হাই কোর্ট -এর নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছিল, অভিযুক্তরা শীতলাতলা লেনে প্রবেশ করতে পারবেন না। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রচারের সময় ওই নির্দেশ অমান্য করেছেন কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ,দলবল নিয়ে এলাকায় ঢুকে প্রকাশ্যে ভোট প্রচার চালানো হয় এবং সেই সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ফের আদালতের দ্বারস্থ হন। তিনি অভিযুক্ত দুই কাউন্সিলরের জামিন খারিজের আবেদন জানানোর অনুমতি চান।
বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। ইতিমধ্যেই আদালতে মামলা ফাইল করা হয়েছে বলে সূত্রের খবর।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে।




