নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রাজ্যজুড়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের আবহ। প্রায় সবকটি রাজনৈতিক দল ঘর গুছাতে শুরু করে দিয়েছে। তবে পাকাপাকিভাবে পঞ্চায়েত নির্বাচন কবে হবে, তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসে উচ্চ মাধ্যমিকের পরেই পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই ভোটার তালিকা পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেবার নির্দেশিকা পাঠানো হয়েছে।
পাশাপাশি ভোট কর্মীদের জন্য পৃথকভাবে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনে ব্যবহৃত ব্যালট বক্সে ইতিমধ্যে কিউআর কোড লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। এদিকে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না।
তবে রাজ্য সরকারের তরফ থেকে আশা রাখা হচ্ছে, উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার আগেই এই মামলার নিষ্পত্তি হবে। আর সে কথা ভেবেই প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন।




