নিজস্ব প্রতিনিধি(রজত রায়)বরাবরই তৃণমূলের অন্যতম বড় সমস্যা দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসে দলকে অস্বস্তিতে ফেলে। এবার আরও একবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার সরগরম পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকা। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বান্দিপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে টেন্ডার পাইয়ের দেওয়ার অভিযোগে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের বিরুদ্ধে সরব হলেন পঞ্চায়েত সমিতির সদস্য নীলকমল পন্ডিত। আর তাই নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সামাল দিতে এলাকায় উপস্থিত হতে হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। সূত্রের খবর চন্দ্রকোনা দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ ও বান্দিপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলকমল পন্ডিতের এই বিবাদ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনীতিতে। অন্যদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দকে ঘিরে অবশ্য এখনো পর্যন্ত জেলা নেতৃত্বের তরফ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি যথেষ্ট সমস্যার কারণ হয়ে উঠছে দলের জন্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




