নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): বেশ কিছুদিন অসুস্থ থাকার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়। যিনি সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। শুক্রবার সকালেই মা’কে দেখতে দেশে ফিরেছিলেন অভিজিৎবাবু। বিমানবন্দরে নেমেই তিনি সোজা হাসপাতালে যান। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আসে।
নির্মলাদেবীর প্রয়াণের খবর পেয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ শ্রদ্ধা জানাতে তিনি বাড়িতে যেতে পারেন বলে খবর।
মমতা লিখেছেন, ‘‘প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপিকা তথা নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনি। আমি গত কাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।’’
মমতা জানান, ‘সেন্টার ফর স্টাডিজ় ইন সোশ্যাল সায়েন্স’-এ অর্থনীতির অধ্যাপিকা ছিলেন নির্মলা। ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স’-এ পড়াশোনা করেছেন তিনি। তাঁর স্বামী প্রয়াত দীপক বন্দ্যোপাধ্যায়ও প্রেসিডেন্সি কলেজে অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক ছিলেন। মমতা বলেন, ‘‘নির্মলাদির সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল আমার। আমাদের অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল।’’
পরিবার সূত্রে খবর, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা। তার পরেই তাঁকে শহরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রেও খবর, ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন নির্মলা। এর আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য গত ২৬ অক্টোবর একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসার পর ২৯ তারিখে তাঁকে ছেড়েও দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’দিন আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু এ বার তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল বলেই খবর মিলেছিল হাসপাতাল সূত্রে। শুক্রবারই মাকে দেখতে এসেছেন অভিজিৎ। বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। কলকাতা বিমানবন্দরে তাঁকে নিতে যান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।তার পরেই খবর মিলল, নোবেলজয়ীর মা প্রয়াত হয়েছেন।




