নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): চিপকের মাঠে যেন হলুদ শর্ষেতে ভরে উঠেছিল। চারদিকে গমগম করছে একটাই নাম- ধোনি, ধোনি। এই শব্দব্রহ্মই যেন বারবার আছড়ে পড়ছিল চিপকের মাঠে। ধোনি তাঁর ভক্তদের একেবারেই নিরাশ করলেন না। এলেন, দেখলেন, জয় করলেন ভঙ্গিতে মহেন্দ্র সিং ধোনি একেবারে মাতিয়ে দিলেন।
২০তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজা আউট হলে ক্রিজে আসেন ধোনি।
২০তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজা আউট হলে ক্রিজে আসেন ধোনি। নিজের প্রথম বলে কোনও রান নেননি। দ্বিতীয় বলে নেন ১ রান। এর পরের বলে স্ট্রাইকে ছিলেন ডেভন কনওয়ে। স্যাম কারান চতুর্থ বল ওয়াইড করেন। অতিরিক্ত বলে ১ রান নেন কনওয়ে। ১৯.৪ ওভারে ১৮৮ রান ছিল চেন্নাই সুপার কিংসের। কেউ হয়তো ভাবেনইনি এই রান দু’শোতে পৌঁছবে। কিন্তু শেষ দুই বলে ধোনি ধামাকা।
পঞ্চম বলটি স্যাম কারান ওয়াইড বাউন্সার দেন। তিনি ধোনির থেকে বলটি দূরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই বলেই সোজা ছক্কা হাঁকান মাহি। এর পর শেষ বলে কারান ইয়র্কার না দিয়ে, একটি কম ফুল টস বল দেন। ধোনি সেই বলটি ডিপ মিডউইকেটের উপর দিয়ে মারেন। ৮৮ মিটার লম্বা ছক্কা হয়ে যায়। শেষ দুই বলে ১২ রান করে চেন্নাইয়ের স্কোর দু’শোতে নিয়ে যান ধোনি। ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
ধোনিকে দেখলে কে বলবেন, বয়স ৪১ হয়ে গিয়েছে। বয়স যে শুধুমাত্র সংখ্যা, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন ক্যাপ্টেন কুল।
আইপিএলের ইতিহাসে শেষ ওভারে ধোনির স্কোর মোট ৭০৯ রান। মাত্র ২৯০ বল খেলে এই রান করেছেন ধোনি। চারের চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। মোট ৫৯টি ছয় মেরেছেন শেষ ওভারে। চার হাঁকিয়েছেন ৪৯টি।
এ দিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২০০ রান করে। রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে মিলে শুরুটা ভালো করলেও, রুতু ৩১ বলে ৩৭ করে আউট হয়ে যান। কিন্তু হাল ধরে থাকেন ডেভন কনওয় তিনি দ্বিতীয় উইকেটে শিবম দুবেকে নিয়ে লড়াই চালাচ্ছিলেন। তবে শিবমও ১৭ বলে ২৮ করে সাজঘরে ফেরেন। উইকেটে টিকতে পারেননি মইন আলিও। ৬ বলে মাত্র ১০ রান করেন তিনি। রবীন্দ্র জাদেজা পাঁচে নেমে তিনিও ব্যর্থ হন। ১০ বলে ১২ করেন জাড্ডু।
কিন্তু চেন্নাইয়ের রং ফের গাড় করেন মাহি। এ দিন ধোনি ছয়ে ব্যাট করতে নেমে পড়েন। রাহানের আগেই। আর এসেন বিস্ফোরণ ঘটনা। অধিনায়কোচিত ভঙ্গিতেই সিএসকে-র স্কোর ২০০-তে নিয়ে যান।




