নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে জোশিমঠ। উত্তরাখণ্ডের ছোট্ট এই শহরজুড়ে এখন কেবলই ফাটল। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি(Pushkar Singh Dhami) ঘোষণা করেছেন বসবাসের উপযুক্ত নয় এই শহর। তড়িঘড়ি দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর। তৈরি করা হয়েছে সাত সদস্যের বিশেষ কমিটি। শহরবাসীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং। নিয়মিত টেলিফোনে খোঁজ নিচ্ছেন তিনি। যদিও তাতে প্রশ্ন থামছে না। কাঠগড়ায় খোদ প্রধানমন্ত্রীই।
এদিকে জোশিমঠ নিয়ে মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। জ্যোতির্মঠের শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ শীর্ষ আদালতের আর্জি জানিয়েছেন, এই সংকটকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণা করা হোক। ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে নামার অনুরোধও করেছেন শংকরাচার্য।




