নিজস্ব প্রতিনিধি(রজত রায়): মুর্শিদাবাদে একটি মেডিকেল কলেজ করার জন্য উদ্যোগ নিয়েছেন গায়ক অরিজিত্ সিং। এবার তার সেই উদ্যোগকে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদ এর জনসভা থেকে মমতা এদিন বলেন, অরিজিত্ অত্যন্ত ভালো ছেলে। মুর্শিদাবাদে যদি মেডিকেল কলেজ করে তাহলে রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে। আর তার এই বক্তব্যকেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন ভারত জোড়ো যাত্রার শেষে সুজাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অধীর।
সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বলেন, অরিজিত্ মেডিকেল কলেজ করলে রাজ্য সরকার তাকে সহযোগিতা করবে বলেছে। অরিজিত সিং রং দে তু মোহে গেরুয়া গান গাওয়ার জন্য তৃণমূল বিরোধিতা করেছিল। ইকোপার্কে তার একটি সভাকে বানচাল করে তারা। অথচ এদিন মুর্শিদাবাদের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে অরিজিতের প্রশংসা করলেন এবং সব সহযোগিতা করার কথা ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর গিরগিটির মধ্যে কোনো তফাত্ নেই। নিমেষের মধ্যে রং বদল করতে পারে। এরপরেই অধীর চৌধুরী ভারত জোড়ো যাত্রা সম্পর্কে বলেন, সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত যাত্রা হয়েছে। কালিয়াচকে প্রথম দিন। মানুষ পায়ে পা মিলিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ইশা খান চৌধুরী যত ভোটে পরাজিত হয়েছিলেন বর্তমানে নির্বাচন হলে দুই গুণ বেশি ভোটে জয়লাভ করবেন। এছাড়াও গঙ্গা ভাঙন নিয়েও মন্তব্য করেছেন অধীর। তিনি বলেছেন, মালদা ও মুর্শিদাবাদের হাজার হাজার মানুষের বিঘার উপর বিঘা জমি ঘরবাড়ি হারিয়ে গিয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। মোদি এবং মমতা এই নিয়ে খেলা করছে। মোদি কখনো বলছে আমি করবো না। রাজ্য সরকারকে ভাঙ্গন রোধ করতে হবে। এবার রাজ্য সরকার কখনো বলছে কেন্দ্র কেন্দ্রের দায়িত্ব ভাঙ্গন রোধ করা। দুই সরকারের মধ্যে খেলা চলছে।




