নিজস্ব প্রতিনিধি(রজত রায় ):ছাত্র সংসদের নির্বাচনের দাবীতে ফের উত্তাল শিক্ষাঙ্গন। কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গেলে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সামনেই নির্বাচনের দাবীতে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। পড়ুয়াদের দাবী, অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তারা, এমনকি রাজ্যপালের গাড়ির সামনেও চলে পড়ুয়াদের স্লোগান। পড়ুয়াদের তরফে রাজ্যপালকে স্মারকলিপিও দেওয়া হয়। রাজ্যপাল তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন এবং পরবর্তীতে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে এদিন মিনিট দশেক কথাও বলেন রাজ্যপাল। এর জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে আলোচনা করে দেখবেন রাজ্যপাল, জানিয়েছেন পড়ুয়াদের একাংশ।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবীতে দীর্ঘ ১২ দিন অনশন চালান পড়ুয়াদের একাংশ। এরপর অনশন তুলে নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই, নিজেরাই নির্বাচন করেন ডাক্তারি পড়ুয়ারা। যদিও সেই নির্বাচনের বৈধতা নিয়ে নানামহলে প্রশ্ন ওঠে, তবে বিশিষ্টদের নজরদারিতে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া। ৭৯ শতাংশ ভোটও পড়ে। ফল ঘোষণাও হয় ঐদিনই। সেই রেশ কাটতে না কাটতেই এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তাল হল ছাত্র সংসদের নির্বাচনের দাবীতে।




