নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): বাঁকুড়ার সেনা জওয়ান সিকিমের গাড়ি দুর্ঘটনায় নিহত হলেন। ওই জওয়ানের বাড়িতে গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু সংবাদ এসে পৌঁছয়। তারপর থেকেই কার্যত শোকস্তব্ধ গোটা পরিবার।এমনকি শোকস্তব্ধ গ্রামবাসীরাও। মৃত সেনার নাম গোপীনাথ মাকুড়। বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভালুকা গ্রামে।গতকাল উত্তর সিকিমের জ়েমাতে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনাবাহিনীর ওই গাড়িটি। সেই দুর্ঘটনায় ১৬ জন জওয়ানের মৃত্যু হয়, আহত হন আরও ৪ জওয়ান। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উৎকন্ঠা বাড়ছিল গোপীনাথ মাকুড়ের ভালুকা গ্রামের বাড়িতে।পরিবারের লোকজন বারবার গোপীনাথ মাকুড়কে ফোন করারও চেষ্টাও করেন। পরিবারের দাবি, দিনভর ফোন রিসিভ না করলেও গতকাল সন্ধ্যার আগে সেনার তরফে তাঁদের ফোন রিসিভ করে জানানো হয় দুর্ঘটনায় গোপীনাথ মাকুড়ের মৃত্যু হয়েছে।
এরপর থেকেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন নিহত ওই জওয়ানের স্ত্রী ও গোটা পরিবার। গোপীনাথ মাকুড়ের পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছন তাঁর এগারো বছরের একমাত্র ছেলে, বাবা, মা, ভাই ও ভাতৃবধূ।




