নিজস্ব প্রতিনিধি(রজত রায়): নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য সহ তাঁর গোটা পরিবারের। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যের ভূমিকা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই পরিস্থিতিতে এবার আজ অর্থাৎ বুধবার আদালতে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় সংস্থা ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, ‘এই মামলায় ড্রামাটিক ডেভেলপমেন্ট সামনে এসেছে। মানিক ভট্টাচার্যের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে ছেলের বিদেশ সফর সবটাই হয়েছে চাকরি চুরির টাকায়।
জানা গিয়েছে, ২০১৭ সালের ৯ জুলাই ও ২ মে ইউকে গিয়েছিলেন সৌভিক। সৌভিক তাঁর বয়ানে এই দুটি বিষয় গোপন করেছিলেন বলেও আদালতে জানিয়েছে তদন্তকারী সংস্থা। বিচারক ইডি-র আইনজীবিকে বলেন, ‘আপনি কি বলতে চাইছেন ওঁর ওখানে বাড়ি আছে?’ ইডি-র আইনজীবী বলেন, ‘নিশ্চয়। নাহলে কেন গোপন করবেন? ইডি-র তরফে দাবি করা হয়, এই দুর্নীতির টাকা বিদেশেও গিয়েছে। মালদ্বীপ থেকে ভিয়েতনাম পর্যন্ত টাকা গিয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সংস্থার স্পষ্ট বক্তব্য, এটি একটি দুর্নীতির ত্রিভূজ। মানিকের স্ত্রী ও পুত্র সক্রিয়ভাবে যুক্ত।




