নিজস্ব প্রতিনিধি(রজত রায়): নিয়োগ দুর্নীতির তদন্ত যতই এগোচ্ছে, ততই একের পর এক রহস্যের পর্দা ফাঁস হচ্ছে। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষা দপ্তরের আধিকারিক সকলেই প্রায় জেলবন্দী।
এর মধ্যে নতুন গ্রেফতার বলতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তবে তার মধ্যেও একের পর এক নামের তালিকা বেড়েই চলেছে। শুধু কি তাই, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হিসেবে পরপর একাধিক নারীর নাম উঠে আসছে। প্রথমে অর্পিতা, পরে হৈমন্তী, আর এবার শোনা গেল সোমা চক্রবর্তী নামে এক মহিলার নাম।
দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃত কুন্তলের সঙ্গে সোমার আর্থিক লেনদেনের বহু তথ্য উঠে এসেছে ইডি সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে সোমা চক্রবর্তীকে ইডির তরফে তলব করা হয়েছে। আর এই প্রসঙ্গে শুক্রবার আদালত থেকে বেরোনোর সময় কুন্তল ঘোষ দাবী করেছেন, সোমাকে তিনি চেনেন না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যার সঙ্গে যোগাযোগ আছে খুঁজে দেখুন। হৈমন্তীকে বাঁচানোর জন্য গোপাল বিভিন্ন কথা বলছে। গোপাল দলপতির নামে আবার অভিযোগ করেছেন কুন্তল।
ইডি সুত্রে জানা গিয়েছে, ২০২০ সাল থেকে সোমা নামে ওই মহিলার সঙ্গে কুন্তলের বহু টাকার লেনদেন হয়েছে। কুন্তল সোমাকে প্রায় ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সোমা।
কুন্তলের দাবি, তিনি সোমাকে চেনেন না। কিন্তু ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়েই সোমা চক্রবর্তীর নাম উঠে এসেছে। অর্পিতা, হৈমন্তীর পর সোমা। নিয়োগ দুর্নীতি কান্ডে একের পর এক রহস্যময়ী নারীর নাম। ফলে কৌতুহল স্বাভাবিকভাবেই বাড়ছে।




