নিজস্ব প্রতিনিধি(রজত রায়): কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটার বুড়িরহাটে। এদিকে, বিজেপির দিনহাটা মণ্ডল সম্পাদক মুন্না সাউয়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে রীতিমতো উত্তপ্ত কোচবিহারের রাজনীতি।
বুড়িরহাটে বিজেপি-তৃণমূল সংঘর্ষের পর হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ‘একটা বিজেপি কর্মীও যেন বুড়িরহাটের রাস্তায় বের হতে না পারেন। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে এই এলাকার বিজেপি কর্মীদের। কাউকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না।’উদয়ন বলেন, ’নিশীথ প্রামাণিক পরিকল্পিতভাবে গুন্ডামি করার জন্য ৩৬টা গাড়ি নিয়ে দিনহাটায় ঢুকেছেন। দিনহাটা দখল করার চেষ্টা করেছেন। নিশীথের প্রত্যেকটা গাড়িতে দুষ্কৃতী ছিল।’ তাঁর দাবি, তাঁদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর চামড়া তুলে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন।
এদিকে, এদিন বুড়িরহাটে গন্ডগোলের পর ভেটাগুড়িতেও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেন নিশীথ। মিছিল শেষে তিনি বলেন, ’বাংলায় নেতা মন্ত্রীরা সুরক্ষিত নন। এটা গণতন্ত্রের পক্ষে দুঃখজনক।’
অন্যদিকে, বিজেপি কর্মীরাই এদিন বুড়িরহাটে হামলা চালিয়েছেন, কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া, ’উনি একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার। তৃণমূলের চামচাগিরি করছেন। তাই ঘটনার তদন্ত না করেই এধরনের মন্তব্য করেছেন।’ উদয়ন গুহর হুমকি প্রসঙ্গে নিশীথ বলেন, ’মানুষ আজ দেখে নিয়েছে কে বেরিয়েছে, আর আর কে পালিয়েছে।




