নিজস্ব প্রতিনিধি(রজত রায়):তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাদ করলেন পাহাড়ের নেতা বিনয় তামাং। বুধবারই হামরো পার্টি ভাঙিয়ে দার্জিলিং পুরসভার দখল নিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ঠিক তার পরই প্রেস বিবৃতি দিয়ে বিনয় তামাং দল ছাড়ার কথা ঘোষণা করলেন। বিনয় তামাংয়ের দাবি, পাহাড়ে গণতন্ত্র গভীর সংকটে রয়েছে। বাইরের নেতারা দূর থেকে পাহাড়ের কিছু নেতাকে পরিচালনা করে পাহাড়ের রাজনীতি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ বিনয়ের। যার ফলে পাহাড় ক্রমশই জাতীয় ঐক্য নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর হয়ে উঠছে। এরপরই বিনয় জানান, পাহাড়ের মানুষের জন্য তিনি তাঁর রক্ত-ঘাম ঝড়াতে ইচ্ছুক। বাকি জীবনের পুরোটাই তিনি পাহাড়ে গণতন্ত্র ফেরানো, দুর্নীতি প্রতিরোধ ও পাহাড়ের মানুষকে সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য কাজ করতে চান বলেও দাবি করেছেন তিনি। যদিও তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে কিছু খোলসা করতে চাননি বিনয়। বরং তিনি জানান, কয়েকদিনের মধ্যেই তিনি তাঁর আগামী পরিকল্পনার কথা প্রকাশ্যে আনবেন।
এরপরই বিনয় জানান, পাহাড়ে অগণতান্ত্রিক কাজকর্ম, বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বিনয় বিষয়টিকে ‘খুবই গুরুতর’ বলে উল্লেখ করে দ্রুত পদক্ষেপের আর্জি জানান।উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ডিসেম্বরই কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা নেন বিনয় তামাং। কিন্তু সম্প্রতি বিনয় তামাংয়ের কিছু কাজকর্মে দলের সঙ্গে তাঁর দূরত্বের কথা প্রকাশ্যে আসছিল। মঙ্গলবার অনীত থাপার বিরুদ্ধে বিমল গুরুং-অজয় এডওয়ার্ডের বৈঠকে বিনয় উপস্থিত ছিলেন। যেখানে তৃণমূল অনীত থাপাকে নতুন বোর্ড গঠনে সমর্থন দিচ্ছে সেখানে বিনয়ের অবস্থান থেকেই কার্যত স্পষ্ট হয়ে যায় বিনয় দলত্যাগ করতে চলেছেন। এদিন অনীত থাপার দল পুরসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে পুরসভার দখল নিতেই দলত্যাগের কথা জানিয়ে দেন বিনয়। এমনকি, তিনি জানান, এর জন্য দল যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় তা তিনি মেনে নিতে প্রস্তুত।




