নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে বুলডোজার চলবে। শনিবার জলপাইগুড়িতে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। র্যাশন দুর্নীতির তদন্ত করতে শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছিল ইডির একটি তদন্তকারী দল। সেই সময়ই তৃণমূলি গুন্ডাদের হাতে আক্রান্ত হন ইডির(ED) তিন আধিকারিক। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সুকান্ত মজুমদারের দাবি, যারা শুক্রবার ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছে তাদের সঙ্গে জামাত ও দেশ বিরোধী শক্তির যোগ রয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, ‘সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তাতে ভারতের সংবিধান ও সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েক জায়গায় এই ধরণের পকেট তৈরি হয়ে রয়েছে যেখানে জেহাদিদের দুরন্তপনা চলে। তারা কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ওপর যে ভাবে আক্রমণ হেনেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এদের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে, ভারতবিরোধী শক্তির যোগাযোগ রয়েছে। এদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন না পারে ২ বছর অপেক্ষা করতে বলুন। বিজেপির সরকার আসছে। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে সন্দেশখালিতে যারা এই ধরণের উপদ্রব করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা করবে। শুধু তাই নয়, যে বাড়ির তালা ভাঙতে গিয়ে এত ঝামেলা সেই বাড়ির ওপর ২০২৬ সালে বুলডোজার চলবে’।
সুকান্ত মজুমদারের মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘সুকান্তবাবু হঠাৎ করে নেতা হয়ে গিয়েছেন। ফলে কখন কী বলতে হয় ওনার জানা নেই। ওনার ভাষা সংযম অভ্যাস করা উচিত’।




