নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): নন্দনে জায়গা পায়নি ‘প্রজাপতি’। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল ঘোলা হয়েছে। ঠিক সেই মুহূর্তেই রাজনীতিতে আসা তারকাদের বিশেষ বার্তা দিলেন ছোট্ট এই তারকা। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারকাদের বার্তা দেন অরিত্র দত্ত বনিক ।
‘রাজনীতির চাকরি ছেড়ে সিনেমায় ফিরুন’, এমনটাই লিখেছেন অরিত্র।শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অরিত্র। ছোটপর্দা-বড়পর্দায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। মাঝে সাময়িক বিরতি নেন। তারপর আবার নতুন করে কেরিয়ার শুরু করেন। বুধবার ফেসবুকে অরিত্র দাবি করেন, “সিনেমা বা অভিনেতাদের নিয়ে ফালতু কথা বলার সাহস কারও থাকত না, যদি না বাংলার সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ‘অল্টারনেট জব সিকুরিটি’ খুঁজতে বোকার মতো রাজনীতির মতো পেশায় এসে নিজের ফ্যানদের কাছে শ্রদ্ধার জায়গাটা নষ্ট করতেন।”
অরিত্র আরও লেখেন, “আমরা শিল্পীরা নিজেদের দোষে এই অপমানের সুযোগ করে দিয়েছি তাই রাজনৈতিক দলগুলি নিজের ভোটের আবেগ বিক্রি করতে গিয়ে সিনেমার ইমোশনকে বিক্রি করছে। এখনও সময় আছে যদি নিজের ক্রাফটের ওপর আর অডিয়েন্সের ওপর কনফিডেন্স থাকে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিজেদের মেরুদণ্ড বুঝিয়ে দিয়ে রাজনীতির চাকরি ছেড়ে দিয়ে আবার সিনেমায় স্ক্রিনে ফিরুন। প্রত্যেক পেশার নিজস্ব মডেল আছে রাজনীতির মার্কেটের সাথে সিনেমা বা মিডিয়ার মার্কেট কোনওদিন মিলবে না যতবার জোর করে মেলাবেন ততবার এই দুর্দিন আসবে। সবাই তার স্পেশ্যালাইজড পেশায় ফিরে যান।”
একাধিক সিনেমায় দেবের সঙ্গে দেখা গিয়েছে ছোট্ট এই তারকাকে। দেবের জন্মদিনের দিনও সোশ্যাল মিডিয়ায় দেবের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অরিত্র। আর এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতির চাকরি ছাড়ার বার্তা দিলেন তিনি।




