নিজস্ব প্রতিনিধিরজত রায়): আইসিস জঙ্গি সন্দেহে আজ হাওড়া থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অন্যদিকে এই জঙ্গি গ্রেপ্তারিকে হাতিয়ার করে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি। এদিন বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ২৬/ ১১ জঙ্গি হামলায় ছিল বাংলা যোগ। রবিবার বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে দাবি করেন, “বাংলার সঙ্গে জঙ্গি যোগ আছেই। আমরা একমাত্র রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছি। ২৬/১১-র বিস্ফোরণের সঙ্গে কলকাতার নাম জড়িয়ে গিয়েছে। আজ যিনি প্রধানমন্ত্রী, অতীতের গুজরাটের মুখ্যমন্ত্রী, তাঁকে খুন করার ছক নিয়ে তিন জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল নিউদিল্লি স্টেশনে।
তাদের দুইজন জেরায় স্বীকার করেছে, তারা উত্তর ২৪ পরগনার সীমান্ত পেরিয়ে বারাসত, শিয়ালদহ হয়ে সেখান থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে দিল্লিতে গিয়ে পৌঁছেছিল।খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সময়ে রাজ্যের এসটিএফ যাদের গ্রেফতার করেছে, তাদের সঙ্গে জঙ্গিযোগ উঠে আসছে। বহু স্লিপার সেল এখানে সক্রিয়।” বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি পালটা বলেছেন, “যারা ভারতের নিরাপত্তা দিতে ব্যর্থ।
যারা অরুণাচল প্রদেশে চিনের আগ্রাসন ঠেকাতে ব্যর্থ, যারা কাশ্মীরের প্রান্তে পাকিস্তানের আগ্রাসন ঠেকাতে ব্যর্থ, শুধুমাত্র নির্বাচনের সময়ে সস্তার রাজনীতি করার জন্য সেনার কনভয়ে আরডিএক্সের গাড়ি ঢুকিয়ে সেনাবাহিনীকে মৃত্যুর কোলে ফেলে দেয়, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। ভারতের সার্বিক যে সীমান্ত, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনীর। আমরা আজকাল দেখছি, সীমান্তরক্ষী বাহিনী এক্তিয়ার নিজে দেরমতো করে বাড়িয়ে নিচ্ছে।” কার্যত বলা যাচ্ছে, জঙ্গি গ্রেপ্তারি নিয়ে ক্রমশ রাজ্যে বাড়ছে শাসক-বিরোধী চাপানউতোর।




