নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বড়দিনে বান্ধবী জর্জিনা পর্তুগিজ মহাতারকাকে উপহার দিলেন দামি রোলস রয়েস। সেই সঙ্গে লুই ভিতোঁর উপহার। উপহার পেয়ে রোনাল্ডোও অবাক। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডলে জর্জিনাকে ধন্যবাদ জানিয়েছেন এই বিলাসবহুল উপহারের জন্য।
জর্জিনার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে রোনাল্ডো বাড়িতে ঢোকার ঠিক আগেই দেখেন জর্জিনার দেওয়া রোলাস রয়েস গাড়িটি। রোনাল্ডো অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই গাড়ির দিকে। বিস্ময় কাটতেই রোনাল্ডো এবং বাকি সদস্যরা গিয়ে ওঠেন সেই গাড়িটিতে। বাচ্চাদের নতুন খেলনা উপহার দেন জর্জিনা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ”এ ম্যাজিক ক্রিস্টমাস নাইট। আমি ওদের ভালবাসি। ধন্যবাদ স্যান্টা।”এই গাড়ির দাম শুনলে কেনার কথা ভুলে যাবে মানুষ। ভারতীয় মূল্যে এই বিদেশি গাড়ির দাম ৭ কোটি থেকে ১১ কোটি। সাধারণ মধ্যবিত্ত মানুষের সারাজীবনের সঞ্চয় ওই অঙ্কে পৌঁছায় না।
কাতার বিশ্বকাপ ভাল যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের মধ্যেই ম্যান ইউ-এর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। খবর ছড়ায় তিনি সৌদি আরবের ক্লাব আল নাসেরে যেতে পারেন। সব মিলিয়ে সাত বছরের চুক্তি সই করবেন তিনি, এই মর্মে শিরোনামও হয়েছে। এর মধ্যে আড়াই বছর ফুটবলার হিসাবে ক্লাবের হয়ে খেলবেন তিনি। তারপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হবে ‘সি আর সেভেন’কে। বার্ষিক ১৭ কোটি ৫০ লক্ষ পাউন্ডের চুক্তি হবে দুই পক্ষের মধ্যে। ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা পেতে চলেছেন রোনাল্ডো। সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও সূত্র মারফত জানা গিয়েছে, চুক্তিতে রাজি হয়ে গিয়েছেন রোনাল্ডো। শোনা যাচ্ছে তিনি মেডিক্যাল পরীক্ষা দেবেন আল নাসেরে।




