নিজস্ব প্রতিনিধি(রজত রায়): মঙ্গলবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বাংলায় রাজ্যপাল পদে যোগ দেওয়ার পরই উপচার্যদের নিয়ে বৈঠকে বসার ইচ্ছে প্রকাশ করেছিলেন আনন্দ বোস। আজ সকাল সাড়ে ১১ টায় এই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে রাজভবন সূত্রে খবর।
এর আগে রাজ্যপাল পদে জগদীপ ধনকড়ের সময় রাজ্যের কলেজ গুলিতে আচার্য থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে কলেজ গুলির সঙ্গে দুরত্ব তৈরি হয়েছিল। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ তা আর হয়ে ওঠেনি। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সরসরি সঙ্ঘাত তৈরি হতেও দেখা গিয়েছে। রাজ্য বনাম রাজভবনের সংঘাতও দেখা গিয়েছে। রাজ্যপালের তরফে বিভিন্ন উপাচার্যকে চিঠি পাঠেও রাজভবনমুখী করতে পারেননি ধনকড়। এবার সেই দূরত্ব ঘোচাতে চান রাজ্যপালসিভি আনন্দ বোস। উচ্চশিক্ষা দপ্তরের আইন মেনে উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানান রাজ্যপাল। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেল করে উপাচার্যকে এই বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। এই বৈঠকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন নিয়েই উপাচার্যদের নিয়ে আলোচনা করতে চান রাজ্যপাল।




