নিজস্ব প্রতিনিধি(সতীশ কূমার); জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের পর এবার সু্প্রিম কোর্টেও ধাক্কা খেল মসজিদ কমিটি। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু কমিটির আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। বৈজ্ঞানীক সমীক্ষা চলকালীন মসজিদের ক্ষতির অনুমান অমূলক বলে আদালত মনে করছে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-কে দিয়ে মসজিদের সমীক্ষা চালানোর জন্য বারণসী জেলা আদালতের রায়কে বৃহস্পতিবার বহাল রাখে এলাহাবাদ হাইকোর্ট। সমীক্ষা চালানোর সময় মসজিদের ক্ষতির আশঙ্কায় শুক্রবার হাইকোর্টের রায়-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। কিন্তু হাইকোর্টের নির্দেশের উপর নতুন করে স্থগিতাদেশ জারি করল না শীর্ষ আদালত।
পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এলাহাবাদ হাইকোর্টের রায় ইন্টারলোকিউটরি। এই নির্দেশের উপর কেন হস্তক্ষেপ করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে, সমীক্ষা চলকালীন যাতে মসজিদের কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রাখা হবে বলে আশ্বস্ত করেছে শীর্ষ আদালত। এর আগে সওয়াল জবাবের সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল মাধবী দিভান জানিয়েছেন যে মসজিদ চত্ত্বরে এমন কিছু চিহ্ন দেখা গেছে, তা কেবলমাত্র বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।




