নিজস্ব প্রতিনিধি(রজত রায় : ‘অমৃত ভারত’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এবার রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানালেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। ভোটের সময় পিস রুম আর এখন পিস ট্রেন। শুধু তাইই নয়, বাংলার হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এহেন আচরণ দেখে বীতশ্রদ্ধ ঘাসফুল শিবির।
রবিবার ৮২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তিনি গেরুয়া শিবিরকে তুলোধনা করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নন্দীগ্রামে কেমন অশান্তি হয়েছিল, তা রাজ্যপাল দেখেননি। শুধু তাইই নয়, বাংলায় যে হিংসার কথা উনি বলেছেন, তাতে প্রাণ হারিয়েছেন রাজ্যের শাসকদলের কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনাকে যা শিখিয়েছেন, সেই বুলিই আওড়াচ্ছেন তিনি। উনি শান্তির ট্রেন চাইছেন।আগে বিরোধীদেরকে বলুন, সাম্প্রদায়িক অশান্তি বন্ধ করতে। কটাক্ষের সুরে রাজ্যপালকে নিশানা করলেন রাজ্যের পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এমনিতেই মুখ্যমন্ত্রী ধনকড়ের কথা স্মরণ করে, বলেছেন উনি এমন ছিলেন না। অন্যদিকে, ধনকড়ের মতো আরও কিছু পাওয়ার আশায় প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন তিনি। সুতরাং বোসের এই মন্তব্য রাজ্য-রাজ্যপাল সংঘাতের আগুনে ঘৃতাহুতি ছাড়া আর কিছু নয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।




