নিজস্ব প্রতিনিধি(রজত রায়):নিয়োগ দুর্নীতি মামলায় আজই কমিশনকে ১৬৯৮ জন গ্রুপ ডি কর্মচারীর তালিকা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় ওএমআর শিটের বিকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। যেসব প্রার্থীদের উত্তরপত্র নিয়ে এই অভিযোগ উঠেছে, এদিনই বেলা তিনটের মধ্যে তাঁদের তালিকা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। নাম, স্কুলের নাম, ঠিকানা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ওএমআর শিট বিকৃতির কথা উল্লেখ করেছে সিবিআই। আদালতে জমা দেওয়া রিপোর্টে সিবিআইএর দাবি, ওএমআর শিটে নম্বর বদলে গিয়েছে। আদালতে রিপোর্ট জমা দেওয়ার পরই বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান এমন প্রার্থীর সংখ্যা কত। পর্ষদের তরফে জানানো হয়েছে ১৬৯৮। তারপরই তাঁদের সম্পর্কিত তথ্য জমা দিতে বলেন বিচারপতি। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, নিয়োগে দুর্নীতির জেরে ইতিমধ্যেই ছাত্রদের ক্ষতি হয়েছে। আর এক মুহূর্তও চাকরি করবেন না ওই প্রার্থীরা। একদিনও এদের স্কুলে ঢুকতে দেওয়া যাবে না।




