নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান আগেই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়াবে। শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে ৪৪ হাজারের বেশি। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে সেখানে এখনও পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। তুরস্কের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রবল শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং তুষারপাতে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। তবুও তাঁরা হাল ছাড়তে রাজি নন।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আঘাত হানে ৭.৮ মাত্রার ভূমিকম্প। প্রথমে ভূমিকম্প আঘাত হানে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানটেপ শহরের কাছে। মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। কম্পন অনুভূত হয় লেবানন, সিরিয়া, সাইপ্রাস, গ্রিনল্যান্ডেও। পরপর জোরালো কম্পন অনুভূত হয়। এরপর মুহুর্মুহু আফটারশক। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকা। তুরস্ক-সিরিয়ায় একাধিক দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভূমিকম্পের পর তুরস্কের ৬৫ শতাংশ ঘরবাড়িই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। তাই আগামীতে ফের বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।




