নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জড়িয়েছেন তোষাখানা মামলায়। অভিযুক্ত হিসেবে ইমরান খানকে (Imran Khan) গ্রেপ্তার করতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। তার মধ্যেই এবার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সভা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল লাহোর। প্রসঙ্গত, পুলিশের হাত এড়িয়ে অজ্ঞাতবাসে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মধ্যেই তিনি বুধবার পাক পঞ্জাবের রাজধানী শহরে সমাবেশের ডাক দিয়েছিলেন। প্রসঙ্গত, পাক নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, আগামী পাঁচ বছর ইমরান খান কোন ভোটে অংশগ্রহণ করতে পারবেন না।
আর এই নিষেধাজ্ঞার প্রতিবাদে কর্মসূচির ডাক দেন তিনি। অন্যদিকে, মঙ্গলবার থেকেই লাহোর পুলিশ শহর জুড়ে জারি করে ১৪৪ ধারা। যে কোন ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়। কিন্তু প্রশাসনিক নির্দেশ অমান্য করে ইমরান খানের সমর্থকরা সমাবেশ করতেই পুলিশি বাধার মুখে পড়ে। বুধবার দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের। কার্যত, এই মুহূর্তে ইমরান খান রয়েছেন অত্যন্ত চাপে। সেখানে পাক প্রশাসনিক বিরোধিতার কারণে তাঁর চাপ আরও বাড়বে বই কমবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।




